Bangladesh International School & College, Jolshiri

আজ বি আই এস সি, জলসিড়ি-তে আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

সকালের শুরুতেই ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে নতুন বছরের আনন্দে। রঙিন পোশাক, মুখোশ ও নানা সাজসজ্জায় শোভাযাত্রা ছিল সত্যিই চোখ ধাঁধানো।

এরপর ক্যাম্পাস জুড়ে বসে নানা ধরনের আকর্ষণীয় স্টল। কাঁচের চুড়ি, ফুচকা, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রসহ আরও অনেক বৈচিত্র্যময় পণ্যে ভরে ওঠে প্রতিটি স্টল। সবাই আনন্দের সাথে ঘুরে ঘুরে কেনাকাটা ও খাওয়া-দাওয়ায় মেতে ওঠে।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তির পাশাপাশি ছিল বর্ণিল ফ্যাশন শো, যেখানে জুনিয়র শিক্ষার্থীরা আমাদের বাঙালি সংস্কৃতিকে দারুণভাবে উপস্থাপন করেছে। তাদের পরিবেশনায় ফুটে উঠেছে আমাদের ঐতিহ্য, রীতি-নীতি ও সংস্কৃতির সৌন্দর্য।

এছাড়াও আয়োজন করা হয়েছিল বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা। ছেলেদের জন্য ছিল ফুটবল ও কাবাডি খেলা এবং মেয়েদের জন্য ছিল হ্যান্ডবল, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কর্নেল মোঃ আনিসুর রহমান চৌধুরী, পিএসসি (অব.) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ম্যাডাম সুলতানা রহমান – যাদের উপস্থিতি পুরো আয়োজনে এক নতুন মাত্রা যোগ করেছে।

সব মিলিয়ে বি আই এস সি, জলসিড়ি-তে পহেলা বৈশাখ উদযাপন ছিল প্রাণবন্ত, রঙিন এবং আনন্দে ভরপুর একটি দিন।

শুভ নববর্ষ! 🎉🌼

-->